বাংলার ভোর প্রতিবেদক
যশোর কোতয়ালী মডেল থানার পুরাতন ভবন ভাঙার কাজ করার সময় পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ককটেল বিস্ফোরণে আনোয়ারা (৪০) নামে এক নারী শ্রমিক আহত হয়েছেন। রোববার দুপুর ১টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। আহত আনোয়ারা উপশহর ১২ নম্বর সেক্টরের আমতলা এলাকার জামাত আলী মোল্লার স্ত্রী।

জানা যায়, কোতয়ালী মডেল থানার পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে অসাবধানতাবশত একটি পরিত্যক্ত ককটেলে আঘাত লাগলে সেটি বিস্ফোরিত হয়। এতে আনোয়ারা আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক বলেন, পরিত্যক্ত অবস্থায় ককটেলটি দেখতে পান ওই নারী। তবে সেটি কী বুঝতে না পেরে হয়তো তিনি আঘাত করেছিলেন। বিষয়টি নিয়ে তারা খোঁজখবর নিচ্ছেন।

Share.
Exit mobile version