দামুড়হুদা সংবাদদাতা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ভৈরব নদীতে ডুবে আব্দুর রহমান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান ওই গ্রামের বাসিন্দা আব্দুল জব্বারের একমাত্র ছেলে। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ির উঠানে খেলছিল শিশু রহমান। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পাশের ভৈরব নদ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত স্থানীয় এক চিকিৎসকের কাছে নেয়া হলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন ।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
