জীবননগর সংবাদদাতা

দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর অবশেষে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় অপারেশন কার্যক্রম চালু হয়েছে। রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী অ্যাডভোকেট রুহুল আমিন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা জানান, প্রাথমিকভাবে সপ্তাহের প্রতি রোববার নিয়মিত এই অপারেশন কার্যক্রম পরিচালিত হবে।

এ পর্যায়ে এখানে অ্যাপেন্ডিসাইটিস, হার্নিয়া, ফিস্টুলাসহ বিভিন্ন ছোটখাটো অপারেশন সম্পন্ন করা হবে। তবে গাইনি বিশেষজ্ঞ না থাকায় আপাতত সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে।

দ্রুত গাইনি চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে এবং তিনি যোগদান করলেই সিজারিয়ান অপারেশনও শুরু হবে।

ডা. রুনা রোগীদের বেসরকারি ক্লিনিকে যাওয়ার আগে সরকারি এই হাসপাতালে যোগাযোগ করার আহ্বান জানান, যাতে রোগীরা স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা পেতে পারেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় ওলামা বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version