নড়াইল সংবাদদাতা
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য এবং লুণ্ঠিত স্বর্ণ কেনার অভিযোগে ১ স্বর্ণকারসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। রোববার জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জাকির মোল্যা (৪৮), জাকির হোসেন তালুকদার ওরফে কাটাপ্পা (৫৪), পারভেজ মৃধা ওরফে দারোগা (৩৬), মফিজ খাঁ (৩৮), দীন ইসলাম মোল্যা (৪২) এবং স্বর্ণকার সরজিৎ কর (৪৫)। তারা খুলনা, নড়াইল ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ৮ জুন রাতে নড়াগাতী থানার পাখিমারা গ্রামে সালাহ উদ্দীন খাঁনের বাড়িতে অস্ত্রধারী ডাকাত দল হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে।
পরবর্তীতে ডিবি, সিসিআইসি ও থানা পুলিশের যৌথ অভিযানে গত ২ থেকে ৪ জুলাই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জনের বিরুদ্ধে বিভিন্ন আদালতে একাধিক চুরি ও ডাকাতির মামলা বিচারাধীন রয়েছে।
