নড়াইল সংবাদদাতা

নড়াইল সদর উপজেলায় কিশোরদের ফুটবল খেলাকে নিয়ে বিরোধের জেরে মোস্তাফা কাজী (৬৪) নামে এক বৃদ্ধকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনদের বিরুদ্ধে।

শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত মোস্তফা কাজী উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পলাইডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি কয়েক বছর আগে পলাইডাঙ্গা গ্রাম থেকে একই ইউনিয়নের মহারাগ গ্রামে বাড়ি করে স্থায়ীভাবে বসবাস কর আসছেন।

স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার ভদ্রবিলা বাজারের পাশে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র দুই গ্রামের কিশোররা মারামারি করে।

এ নিয়ে গত বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলেও দুইপক্ষের কিশোরেরা মারামারিতে জড়ায়। পরে দু’পক্ষের লোকজন তাদের থামিয়ে শুক্রবার বিকেলে ভদ্রবিলা বাজারে বসে মিমাংসার আশ্বাস দিলে দু’পক্ষ মেনে নেয়।

শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে নিহত মোস্তফা কাজী বাড়ি থেকে শালিসে ভদ্রবিলা বাজারে যাওয়ার জন্য রওনা হন। পথে প্রতিপক্ষের লোকজন তাকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু বলেন, ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

##

Share.
Exit mobile version