বাংলার ভোর প্রতিবেদক

২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস ২০২৬ উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে যশোরের সাংস্কৃতিক সংগঠনগুলো।

এ উপলক্ষে শুক্রবার বিকেলে স্থানীয় মুনশি মেহেরুল্লাহ ময়দান থেকে ‘বিশ্ব নাট্য দিবস উদযাপন পর্ষদ’ যশোরের ব্যানারে বর্ণিল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি দড়াটানা মোড়, এমএম আলী রোড হয়ে একই স্থানে এসে শেষ হয়। এর আগে ময়দানের রওশন আলী মঞ্চে সকল সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।

পরে একই মঞ্চে নাটক পাওনাগন্ডা, উচ্চারণ বিভ্রাট, গুপ্তবিদ্যা মঞ্চস্থ হয়। নাটক শেষে ‘বিশ্ব নাট্য দিবস উদযাপন পর্ষদ যশোরের পক্ষ থেকে নাটকের দলগুলোকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

শোভাযাত্রায় অংশ নেন সুরধুনীর হারুন অর রশীদ, থিয়েটার ক্যানভাসের উপদেষ্টা নাট্যজন এসএম নুরুজ্জামান বকুল, নাট্য গবেষণা কেন্দ্রের পরিচালক শিপন চৌধুরী, কিংশুকের সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম সোহেল, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দিপংকর দাস রতন, স্পন্দনের শরিফুল, নির্দেশক অভিনেতা আলমগীর হোসেন বাবু, কামরুল হাসান রিপন, কণ্ঠশিল্পী মামা রফিক, কবি শরিফ হোসেন ধীমান প্রমুখ।

থিয়েটার ক্যানভাসের উপদেষ্টা এস এম নুরুজ্জামান বকুল বলেন, আজ (শুক্রবার) থেকে শুরু হয়ে তিন দিনব্যাপি অর্থাৎ ২৯ মার্চ পর্যন্ত বিশ্ব নাট্য দিবসের কর্মসূচি চলবে।

নাট্যচর্চাকে উৎসাহিত করা এবং নাট্যকর্মীদের মধ্যে পারস্পরিক সংযোগ ও সম্প্রীতি জোরদারের মাধ্যমে নাটকের উন্নয়ন সাধন করা এবারের এ দিবসের মূল্য লক্ষ্য।

Share.
Exit mobile version