বাংলার ভোর প্রতিবেদক
যশোর-৩ (সদর) আসনের ধানের শীষের বিজয়ী প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদেরসহ চার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সাথে ফোনালাপ ও কুশল বিনিময় করেছেন। শুক্রবার রাতে অনিন্দ্য ইসলাম অমিত ফোন এই চার প্রার্থীর সাথে কথা বলেন।

শুক্রবার রাতে তিনি প্রথমে কথা বলেন প্রধান প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদেরের সাথে। জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুলের মোবাইল ফোনের মাধ্যমে এই দুই শীর্ষ নেতার কথা হয়। ফোনালাপের শুরুতে তারা একে অপরের ব্যক্তিগত ও পারিবারিক কুশলাদি বিনিময় করেন। এই কথোপকথনে তারা একে অপরের শুভকামনা এবং সহযোগিতা প্রত্যাশা করেন।

ফোনালাপকালে উভয় নেতা একমত পোষণ করেন যে, রাজনৈতিক আদর্শ বা দলের ভিন্নতা থাকতে পারে, কিন্তু যশোরের সাধারণ মানুষের স্বার্থরক্ষায় তাদের মধ্যে কোনো বিভেদ নেই। তারা আগামী দিনে পারস্পরিক সহযোগিতা ও পরামর্শের ভিত্তিতে রাজনৈতিক ময়দানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন; সে ব্যাপারে একে অপরকে আশ্বস্ত করেন।

দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল কাদেরের সঙ্গে কথা বলার পর আরও তিন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সঙ্গে ফোনালাপ করেন যশোর-৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। তিনি পৃথকভাবে যোগাযোগ করেন হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মুহাম্মদ শোয়াইব হোসেন, চশমা প্রতীকের জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র প্রার্থী নিজামদ্দিন অমিত এবং কাস্তে প্রতীকের বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী মো. রাশেদ খানের সঙ্গে। ফোনালাপে সকলেই একমত পোষণ করেন যে রাজনৈতিক পথ, মত ও আদর্শে ভিন্নতা থাকা স্বাভাবিক। তবে যশোরের সাধারণ মানুষের উন্নয়ন ও জনস্বার্থের প্রশ্নে তাদের মধ্যে কোনো মতভেদ নেই।

অনিন্দ্য ইসলাম অমিত জানান, আগামী দিনে পারস্পরিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শের ভিত্তিতে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা। পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ অটুট রাখার প্রত্যয়ও পুনর্ব্যক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করতে হলে রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং প্রতিহিংসামুক্ত সুস্থ ধারার চর্চার কোনো বিকল্প নেই।

Share.
Exit mobile version