বাংলার ভোর প্রতিবেদক
পবিত্র রমজান মাসকে সামনে রেখে শহরকে যানজটমুক্ত রাখতে ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে যশোর পৌরসভা।
বৃহস্পতিবার সকাল ও বিকেল শহরের ব্যস্ততম দড়াটানা, চৌরাস্তা মোড়, হাসপাতাল মোড়, মুজিব সড়ক, জজকোর্ট মোড়, প্যারিস রোড, বড়বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, অস্থায়ী দোকানপাট ও বিভিন্ন সাইনবোর্ড অপসারণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানে দুই শতাধিক ফুটপাতের দোকান উচ্ছেদ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ী আগেই তাদের দোকান সরিয়ে নেন।
অভিযান চলাকালে পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন বলেন, শহরের ক্রমবর্ধমান যানজট নিরসন এবং পৌরবাসীর স্বাভাবিক চলাচলের পথ সুগম করাই এই অভিযানের মূল লক্ষ্য।
বিশেষ করে রমজান মাসে শহরের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন, পৌরসভার ইন্সপেক্টর মনিরুজ্জামান নয়ন, আব্দুর রাজ্জাক মন্টু, দেলোয়ার হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও মেহেদী হাসান।
