বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরে পরিত্যক্ত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ঝুলতে দেখা গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টার পরে শহরের গাড়িখানাস্থ পরিত্যক্ত দলীয় কার্যালয়ের ছাঁদের সামনের দেয়ালে ব্যানারটি ঝুলতে দেখা যায়। তবে কারা ও কখন ব্যানারটি টানানো হয়েছে সেটা কেউ বলতে পারেনি। এ ঘটনার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে কোতয়ালী মডেল থানার পুলিশ যেয়ে ব্যানারটি নামিয়ে থানা হেফাজতে রেখেছে।

ভিডিওটি দেখা যায়, জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের গাড়িখানাস্থ সড়কের সামনে অংশে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে জড়িয়ে ধরা পিতা-কন্যার এমন একটি ছবি সম্বলিত ব্যানার ঝুলছে। ব্যানারটির এক কোণে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ লেখা রয়েছে। দলীয় কার্যালয়ের সামনে অনেক পথচারি ব্যানারটির ভিডিও করছে। স্থানীয় দোকানদাররা জানান, কে কখন এটি লাগিয়েছে সেটা জানেন না তারা।

এক দোকানদার জানান, তিন তলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা আওয়ামী লীগের কার্যালয় ছিলো। ছাত্র জনতার গণঅভুস্থানের বিজয়ের দিন ৫ আগস্ট বিকালে ছাত্রজনতা আগুন ধরিয়ে দেয় কার্যালয়ে। পরে বিক্ষুদ্ধ জনতা লুটপাট করে। সেই থেকে পরিত্যক্ত রয়েছে ভবনটি। পরে ভবন কর্তৃপক্ষ কার্যালয়ের প্রবেশপথটি ইট দিয়ে গেঁথে দেন। পরে সেখানে আর প্রবেশের কোন জায়গা নেই। ধারণা করছি, পিছনের ভবনের কার্নিশ দিয়ে কেউ ছাঁদে উঠে ব্যানারটি টাঙিয়েছে। ভিডিও ছড়িয়ে পড়লে ও স্থানীয়দের খবর শুনে কোতয়ালী মডেল থানা ও কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা ব্যানারটি নামিয়ে তাদের হেফাজতে নেন।

যশোর কোতয়ালী মডেল থানার এস আই সাইফুল ইসলাম ও কসবা পুলিশ ফাঁড়ির এস আই অহিদুজ্জামান বলেন, ‘উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এসে আমরা ব্যানারটি অপসারণ করেছি। ব্যানারটি কসবা ফাঁড়িতে রাখা হয়েছে।’ তবে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ‘ঘটনা সম্পর্কে আমার  জানান নেই। এমনকি পুলিশের কোন সদস্য ব্যানার অপসারণ করেনি বলে তিনি দাবি করেন।’

Share.
Exit mobile version