হাবিবুর রহমান, নড়াইল
জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা এবং পরিবারের চরম দারিদ্র্য-কোনো কিছুই থামাতে পারেনি ১৮ বছর বয়সী অদম্য তরুণী বৈশাখী খাতুনকে।
সব প্রতিকূলতা জয় করে এবার নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ডিগ্রি কলেজের মানবিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি। বৈশাখী নড়াইল সদর উপজেলার মাগুরা গ্রামের ভ্যানচালক মন্নু মোল্যা ও ডালিম বেগম দম্পতির মেয়ে।
দুই শতক জমির ওপর নির্মিত একটি খুপড়ি ঘরে অভাবের সাথে লড়াই করে কাটছে বৈশাখীর পরিবার। ভ্যানচালক বাবা ও মায়ের পক্ষে মেয়ের পড়াশোনার খরচ চালানো, এমনকি ঠিকমতো বইখাতা কিনে দেয়াও সম্ভব হয়নি।
সহপাঠীদের কাছ থেকে বই সংগ্রহ করে ও নোট তৈরি করে নিজের অদম্য ইচ্ছায় পড়াশোনা চালিয়ে গেছে বৈশাখী। তার স্বপ্ন-ভবিষ্যতে একজন শিক্ষক হওয়া।
মাইজপাড়া ডিগ্রি কলেজের প্রভাষক সূচিন্দনাথ মন্ডল বৈশাখীকে একজন মেধাবী ছাত্রী হিসেবে উল্লেখ করে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির বৈশাখীর আত্মবিশ্বাসের প্রশংসা করে বলেন, উপজেলা প্রশাসন সবসময় তার পাশে থাকবে।
উল্লেখ্য, নড়াইল জেলায় এবার এইচএসসি ও আলিম পরীক্ষায় মোট ৫ হাজার ৫ শত ৩৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
