ফকিরহাট সংবাদদাতা
বাগেরহাটের ফকিরহাটে দুটি যাত্রীবাহী বাসের সাথে মূখোমূখি সংঘর্ষের ঘটনায় ব্যাংক কর্মকর্তা ও নারীসহ ১৫ জন আহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাড়কের ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রোববার সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বিএম লাইন পরিবহন খুলনার দিকে যাচ্ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী রূপসী বাসটি ফকিরহাট এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পৌনে এক ঘন্টার মত যানবাহন চলাচল বন্ধ ছিল।
আহতরা হলেন ব্যাংক কর্মকর্তা মানবেন্দ্র নারায়ন সরকার (৪৫), নাছিমা বেগম (৬০), শিল্পী মন্ডল ((৪০), রাজিয়া বেগম (৫০), সোনিয়া আক্তার (৩৫), নিরঞ্জন কুমার দাশ (৫০), হালিমা বেগম (৪২), মিনতী রানী ঢালী (৪০), কপিল রায় (৩৫) সহ ১৫জন আহত হয়েছেন।
বাগেরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক বজলুর রহমান জানান, খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আহতদের মধ্যে ৬ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছে। আহতদের বেশিরভাগই রূপসী বাসের যাত্রী বলে তিনি জানান।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। বাস দুটিকে সড়কের উপর থেকে সরিয়ে নেয়া হয়েছে। তবে রুপসী বাসের ব্রেক ফেল করার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটতে পারে।
