বাংলার ভোর প্রতিবেদক
সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির মনিরুজ্জামানের বদলি হওয়ার পরও একই কর্মস্থলে কর্মরত রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, বিগত ২ মার্চ সাতক্ষীরা জেলা প্রশাসকের সংস্থাপন শাখার ০৫.৪৪.৮৭০০.০০০.০১১.১৯.০০০২.২৬.১০৫ নম্বর আদেশের পরিপ্রেক্ষিতে তাকে বদলি/পদায়ন করা হয়।
কিন্তু কোনরূপ নিয়ম-নীতিকে তোয়াক্কা না করে অদৃশ্য খুঁটির জোরে এখনো একই কর্মস্থলে রয়েছেন তিনি। এ নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, মনিরুজ্জামান দীর্ঘ ২১ বছর তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চাকরি করে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন।
খুলনার জিরো পয়েন্ট এলাকায় ৩ বিঘা জমি কিনে ২টি চারতলা বিশিষ্ট আলিশান বাড়ি করাসহ তালা উপজেলার সামনে বর্তমান (সোনালী ব্যাংকের পাশে) একটি ৪তলা বিশিষ্ট আলিশান বাড়ি রয়েছে তার।
অভিযোগ রয়েছে তিনি তালার বিভিন্ন জায়গায় নামে বেনামে ১৫/১৬ বিঘা জমি ক্রয় করেছেন। তিনি এছাড়াও সরকারি চাকরিরত অবস্থায়, জামান ট্রেডার্স নামে নিজের ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে উপজেলার বিভিন্ন প্রকল্পের কাজ করেন।
তিনি মূলত প্রশাসনিক এবং রাজনৈতিক মহলকে ম্যানেজের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। তিনি বদলি হলেও তালায় ডেপুটেশনে কর্মরত থাকেন। তারা, সাতক্ষীরা জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কাছে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।
এ বিষয়ে নাজির মো. মনিরুজ্জামান বলেন, অফিস থেকে আমার এখনো রিলিজ দেয়নি। রিলিজ দিলে ডিসি অফিসে যোগদান করবো।
তার অবৈধভাবে জমি ও আলিশান বাড়িসহ কোটি কোটি টাকার সম্পদের উৎস সম্পর্কে জানতে চাইলে, তিনি বলেন, আমার ওয়াইফ প্রাইমারি স্কুলে চাকরি করে।
আমরা দুজনই সরকারি চাকরিজীবী অবৈধ কোন সম্পদ আমার নেই। জামান ট্রেডার্স আমার ছোট ভাইয়ের নামে।
