বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে আট লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার দিনব্যাপি যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহলদল সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৩৮টি শাড়ি, ১৮২টি ইনজেকশন, ১০৪টি যৌন উত্তেজক ট্যাবলেট এবং ২৭৩টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রি। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ২৭ হাজার ৫৪৫ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার রোধে দীর্ঘদিন ধরে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে বলে তিনি জানান।

Share.
Exit mobile version