বাংলার ভোর প্রতিবেদক
বেনাপোল স্থলবন্দরে একসময় যাত্রীদের ভিড়ে মুখর থাকা আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এখন অনেকটাই জনশূন্য। ভারতের ভ্রমণ ভিসায় আরোপিত বিধিনিষেধ পুরোপুরি প্রত্যাহার না হওয়ায় দিন দিন কমে যাচ্ছে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। এর নেতিবাচক প্রভাব পড়েছে সীমান্ত এলাকার ব্যবসা-বাণিজ্য ও ভ্রমণনির্ভর অর্থনীতিতে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েন এবং নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসায় বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে। পরবর্তীতে সীমিত পরিসরে মেডিকেল ভিসা চালু হলেও পর্যটন, ব্যবসা ও সাধারণ ভ্রমণ ভিসা এখনও স্বাভাবিক হয়নি।

এ কারণে চিকিৎসা, ব্যবসা, শিক্ষা ও পর্যটনের উদ্দেশ্যে ভারতে যাতায়াতকারী বাংলাদেশির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সর্বশেষ বৃহস্পতিবার (১৪ মে) বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট ৭২৫ জন যাত্রী যাতায়াত করেছেন। এর মধ্যে বাংলাদেশি ৫৭৪ জন, ভারতীয় ১৫০ জন এবং অন্যান্য দেশের একজন নাগরিক ছিলেন।

বেনাপোলের মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী মশিয়ার রহমান বলেন, একসময় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত যাত্রীদের দীর্ঘ সারি, ইমিগ্রেশন ও কাস্টমসের ব্যস্ততা, ট্রাভেল এজেন্সি, মানি এক্সচেঞ্জ, হোটেল-রেস্তোরাঁ ও পরিবহন খাতের কর্মচাঞ্চল্যে মুখর থাকত বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনাল। বর্তমানে যাত্রী সংকটে সবখানেই স্থবিরতা নেমে এসেছে।

তিনি আরও বলেন, যাত্রী কমে যাওয়ায় ট্রাভেল এজেন্সি, পরিবহন শ্রমিক, হোটেল-মোটেল, রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

পাসপোর্টধারী কয়েকজন যাত্রী জানান, ভারতে চিকিৎসা ও ভ্রমণের জন্য ভিসা পেতে এখনও নানা জটিলতার মুখোমুখি হতে হচ্ছে। ভারতের নির্বাচন শেষে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হলেও এখনো সেই জট কাটেনি।

বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, পাসপোর্টধারী যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। তবে ভিসা জটিলতার কারণে যাত্রী সংখ্যা আগের তুলনায় অনেক কম। আমরা আশাবাদী, সামনের দিনে এ সংকট কেটে যাবে।

এদিকে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, ভারত সরকার দ্রুত ভ্রমণ ভিসা স্বাভাবিক করলে দুই দেশের মানুষের যোগাযোগ বাড়বে। পাশাপাশি চিকিৎসা, পর্যটন ও সীমান্ত এলাকার অর্থনীতিতে আবারও গতি ফিরে আসবে।

Share.
Exit mobile version