কোটচাঁদপুর সংবাদদাতা
ভারতের বিভিন্ন স্থানে, বিশেষ করে পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার কর্তৃক মুসলিম নিধন, সাম্প্রদায়িক হামলা ও কোরবানির পশু জবাই করতে না দেয়ার প্রতিবাদে ঝিনাইদহের কোটচাঁদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা হেফাজতে ইসলাম বাংলাদেশ কোটচাঁদপুর উপজেলা শাখার আয়োজনে শহরের মেইন বাস স্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন এলাকা থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেইন বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা ভারতে মুসলমানদের ওপর হামলা, নির্যাতন ও সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কোটচাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী প্রভাষক শরিফুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু, হেফাজতে ইসলামে নেতা হাফেজ নুরনবী আশেকী, কোটচাঁদপুর মেইন বাস স্ট্যান্ড বাইতুন নূর জামে মসজিদের খতিব মাওলানা খালিদ হাসান বিন শহিদ, হাফেজ আলী আজম, হাফেজ মাওলানা ইসমাইল হোসেন, নুরুল কবির, হাফেজ ইব্রাহিম, আবুল বাশার ও মাওলানা ইব্রাহিম সহ প্রমুখ।
বক্তারা বলেন, পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাই হওয়া উচিত সকল রাষ্ট্র ও রাজনৈতিক শক্তির মূল লক্ষ্য।
এ সময় বক্তারা বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর নির্যাতন ও দমন-পীড়নের ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন বলে উল্লেখ করে মুসলিম উম্মাহর ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান। সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
