মণিরামপুর সংবাদদাতা :
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও যশোর-৫ মণিরামপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ বলেছেন, মণিরামপুরের দীর্ঘদিনের ভবদহ সমস্যার সমাধান, পৌরশহরের তীব্র যানজট নিরসন ও মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করাসহ সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখা হবে।

পতিত স্বৈরাচার সরকারের গুম-খুন, মামলা-হামলাসহ হাজারো নির্যাতনের পরও মণিরামপুরে একটি নেতাকর্মীকেও বিএনপি থেকে সরাতে পারেনি। বিএনপি সব সময়ই ঐক্যবদ্ধ ছিল এবং এখনও আছে।

ফলে আগামীতেও ঐক্যবদ্ধ থেকে বিএনপির তৃণমূলে পর্যায়ের সংগঠনকে আরো শক্তিশালী করে মণিরামপুরকে উন্নয়নের শিখরে পৌঁছে দেয়া হবে। ইতিমধ্যে ভবদহ সমস্যা সমাধানে সরকার সব পদক্ষেপ গ্রহণ করেছে, ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নিত করা হয়েছে, পৌরসভার যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণের প্রস্তাব করা হয়েছে।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে মণিরামপুরের সার্বিক উন্নয়ন সাধিত করা হবে। মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান।

সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সদস্য সহকারী অধ্যাপক ফিরোজা বুলবুল কলি, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু, জেলা মহিলা দলের সহসভাপতি মেরি ইকবাল।

অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি গাজী আব্দুস সাত্তার, মোতালেব হোসেন, জিএম মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক শামছুজ্জামান শান্ত, নাজমুল হক লিটন, জাহাঙ্গীর বিশ্বাস সহ প্রতিটি ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকবৃন্দ।

Share.
Exit mobile version