বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের মণিরামপুর উপজেলার শরমপুর গ্রামে নাতনিকে উত্যক্ত করার প্রতিবাদ করায় এনামুল হোসেন (৫০) নামের এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় কয়েকজন যুবক। ঘটনাটি সোমবার রাত ৯টার দিকে উপজেলার শরমপুর গ্রামে ঘটে। নিহত এনামুল হোসেন ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন।

নিহতের ভাগ্নে সাদ্দাম জানান, কয়েকদিন আগে এনামুলের নাতনিকে স্থানীয় কয়েকজন বখাটে যুবক উত্যক্ত করে। পরে রোববার সন্ধ্যায় মণিরামপুর উপজেলার শরমপুর গ্রামের বাজারে গেলে ফারাসাত গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাব্বির সাথে দেখা হয় এনামুলের।

এ সময় এনামুল তার নাতনিকে উত্যক্ত করার বিষয়ে জানতে চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করে তাদের সরিয়ে দেন। এর জের ধরে সোমবার রাত ৯টার দিকে এনামুল শরমপুরে বাজার করতে গেলে রাব্বিসহ কয়েকজন যুবক তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাদ্দাম দাবি করেন, রাব্বির (১৮) নেতৃত্বে,রবিউল (৪০), হোসাইন (২৫), রাকিব (২০), মেহেদী ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ইমামুল হোসেনের ওপর পরিকল্পিভাবে হামলা চালায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল দেব ঘোষ জানান, ইমামুল হোসেনের ডান পাশের পিঠে গুরুতর আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share.
Exit mobile version