মহেশপুর সংবাদদাতা
মহেশপুরে চলন্ত বাইক থেকে ব্যাগ টান দিয়ে ছয় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত সোমবার বিকেলে উপজেলার দত্তনগর-জলিলপুর সড়কের মথুরানগরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে ভুক্তভোগীর ভাইপো মূল পরিকল্পনাকারীসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, পৌর শহরের জলিলপুর শেখপাড়ার ল লিটন শেখ, খানপাড়ার আমিনুর রহমান খান ও মসজিদপাড়ার মোস্তফা জামান বরকত। অপর আসামি কাজীপাড়ার শাওন বদ্দি পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

জানা গেছে, উপজেলার পান্তাপাড়া গ্রামের সেলিনা বেগম একটি এনজিও থেকে ৬ লাখ টাকা লোন নেন। ওই লোনের টাকা পার্শ্ববর্তী জীবননগরের একটি ব্যাংক থেকে চেকের মাধ্যমে উত্তোলন করেন। এরপর ভাইপো লিটন শেখের বাইকের পিছনে বসে নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌছালে পূর্বপরিকল্পনা অনুযায়ী ভাইপো লিটন শেখ বাইকের গতি কমিয়ে দেন। এ সময় পিছন দিক থেকে অপর মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা সেলিনা বেগমের হাতে থাকা টাকার ব্যাগটি টান দিয়ে ছিনিয়ে নিয়ে যাই।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলের আশেপাশের একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একটি ইয়ামাহা ফেজার বাইক সনাক্ত করা হয়। ওই বাইকের সূত্র ধরে আমিনুর রহমানকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে ছিনতাইয়ের কথা স্বীকার করে, সেই সঙ্গে ছিনতাইকৃত টাকা তার বাড়িতে রাখা আছে বলে জানান। এরপর ছিনতাইকৃত টাকা উদ্ধারসহ পৃথক অভিযান চালিয়ে লিটন শেখ ও মোস্তফা জামান বরকতকে আটক করা হয়। অপর আসামি শাওন পলাতক রয়েছেন। এ ঘটনার মূল পরিকল্পনাকারী ভুক্তভোগীর ভাইপো লিটন শেখ।

Share.
Exit mobile version