মাগুরা সংবাদদাতা

মাগুরায় ইউটোপিয়া ক্যাডেট একাডেমির উদ্যোগে ২০২৬ সালে বিভিন্ন ক্যাডেট কলেজে চূড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার শহরের চৌরঙ্গী মোড়স্থ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা, ক্রেস্ট ও পুরস্কার তুলে দিয়ে তাদের দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আলফাজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, জাতীয় সাংবাদিক ইউনিটির সভাপতি জিয়াউর রহমান (জামী), ইউটোপিয়া ক্যাডেট একাডেমির উপদেষ্টা মোমেনা খাতুন ও পরিচালক মো. ইফতেখারুল ইসলাম।

এ বছর একাডেমি থেকে পাঁচজন শিক্ষার্থী ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় তাদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন শ্রেণির মেধাবী শিক্ষার্থীদেরও সম্মাননা জানানো হয়। বক্তারা বলেন, ইউটোপিয়া ক্যাডেট একাডেমি ধারাবাহিকভাবে শিক্ষার মান ও ক্যাডেট কলেজে ভর্তির ক্ষেত্রে সাফল্য ধরে রেখেছে।

Share.
Exit mobile version