মাগুরা সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান ও ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও তাদের জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

সোমবার বেলা ১১টায় মাগুরা জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মাগুরা-১ আসনে ‘মই’ প্রতীকের প্রার্থী শম্পা বসু। বিপ্লবী কমিউনিস্ট লীগ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজসহ নেতা কর্মীরা।

এ সময় মাগুরা প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শপ¥া বসু বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তাদের প্রাপ্ত ভোট সংখ্যা তুলনামূলক কম হলেও এই ভোটগুলো আদর্শ ও সাম্যের সমাজ প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি মানুষের আস্থা ও সমর্থনের প্রতিফলন। সীমিত সামর্থ্য ও নানা প্রতিকূলতার মধ্যেও যারা প্রচার-প্রচারণায় সহযোগিতা করেছেন, আর্থিক সহায়তা দিয়েছেন এবং ভোটের মাধ্যমে সমর্থন জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এ সময় তিনি মাগুরা-১ ও মাগুরা-২আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়ে জেলার দীর্ঘদিনের সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ও চিকিৎসার বাণিজ্যিকীকরণ বন্ধ, কৃষকের ন্যায্য দাম ও শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, নারী-শিশু নির্যাতন বন্ধ, নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার রোধ, রেশন ব্যবস্থা চালু, সামাজিক ভাতা বৃদ্ধি, বেকার ভাতা প্রবর্তন, কৃষিভিত্তিক শিল্প স্থাপন, বন্ধ টেক্সটাইল মিল চালু, মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং সদর হাসপাতালে আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিতসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

Share.
Exit mobile version