মাগুরা সংবাদদাতা

মাগুরায় জেলা পর্যায়ে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬”-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রোববার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপি এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আলফাজ উদ্দিন, সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবু সাঈদ মোল্যা এবং মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদ্যুত কুমার দাস।

“মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচিটির আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম, এসইডিপি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস, মাগুরার সহযোগিতায় অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়।

উল্লেখ্য, গত ১২ জুন দেশব্যাপি উপজেলা পর্যায়ে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের অংশ হিসেবে মাগুরা সদর, মহম্মদপুর, শ্রীপুর ও শালিখা উপজেলার প্রথম স্থান অর্জনকারী দলগুলো জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় গোপীনাথপুর মো. আব্দুল খালেক স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের তিনজন শিক্ষার্থীকে প্রত্যেককে ২০ হাজার টাকা, দুইজন শিক্ষককে প্রত্যেককে ৩০ হাজার টাকা এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ঢাকায় অংশগ্রহণের জন্য অতিরিক্ত ১৫ হাজার টাকা প্রদান করা হয়।

বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) সানজিদা হায়দার নূপুর, জেলা আইসিটি অফিসার মুন্না মিয়া এবং ইইডির সহকারী প্রকৌশলী মিঠুন পাল। সঞ্চালনায় ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক সেলিম রেজা।

Share.
Exit mobile version