বাংলার ভোর প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নবীন চিকিৎসকদের মানবিক গুণাবলিসম্পন্ন ও সহমর্মী হয়ে দেশের সাধারণ ও অবহেলিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

রোববার যশোর মেডিকেল কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী, নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসা পেশা কেবল একটি সাধারণ পেশা নয়, এটি মানবসেবার এক মহান ব্রত। একজন চিকিৎসকের প্রধান দায়িত্ব হলো মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট লাঘবে আন্তরিকভাবে কাজ করা।”

যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ প্রকল্পের অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, যশোরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা এ অঞ্চলের স্বাস্থ্যসেবা খাতে নতুন গতি এসেছে এবং ৫০০ শয্যার পূর্ণাঙ্গ আধুনিক হাসপাতাল নির্মাণের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই হাসপাতাল চালু হলে একদিকে যেমন সাধারণ মানুষ উন্নত চিকিৎসাসেবা পাবে, অন্যদিকে মেডিকেল শিক্ষার্থীদের জন্য মানসম্মত ব্যবহারিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আপনারা কঠোর প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজেদের মেধার স্বাক্ষর রেখে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ অর্জন করেছেন। শুধু ডিগ্রিধারী চিকিৎসক হলেই হবে না, দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধ একজন আদর্শ মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে।

তিনি শিক্ষার্থীদের শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং নিয়মিত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ড্যাব যশোর জেলা শাখার উপদেষ্টা ডা. মেজবাউর রহমান-এর সভাপতিত্বে এবং ড্যাব খুলনা বিভাগীয় সহ-সম্পাদক ডা. রবিউল ইসলাম তুহিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু এবং যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজের প্রফেসর ডাক্তার আবু হাসানাত আহসান হাবীব, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন শাফায়াত। আলোচনা সভা শেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক ও বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা অংশ নেন।

Share.
Exit mobile version