কাগজপত্র না থাকায় সিলগালা

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি গোডাউনে অভিযান চালিয়ে ৭৭টি নতুন আমেরিকান মোটরসাইকেলের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গোডাউনটি সিলগালা করা হয়েছে।

রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, শহরের ঘোপ নওয়াপাড়া রোডের ৩ নম্বর ওয়ার্ডের ২৪২ নম্বর বাড়ির ওই গোডাউনে আমেরিকান ইউএন কোম্পানির মোট ৭৭টি সম্পূর্ণ নতুন মোটরসাইকেল পাওয়া যায়। তবে গোডাউন মালিক হাফিজুর রহমান শিলু মোটরসাইকেলগুলোর রেজিস্ট্রেশন, আমদানি অনুমোদন কিংবা অন্য কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

স্থানীয় সূত্র আরও জানায়, কয়েকদিন আগে একই গোডাউনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনের জন্য তিন দিনের সময় দিয়েছিল। সময় শেষ হওয়ার পর পুনরায় অভিযান চালালে এসব মোটরসাইকেল পাওয়া যায়।

এদিকে মোটরসাইকেলগুলোর মালিক হিসেবে পরিচিত আবু সাঈদ সাবু অসুস্থতার কারণ দেখিয়ে ঘটনাস্থলে উপস্থিত হননি।

পরে তিনি ১০ দিনের সময় প্রার্থনা করেন। পরিস্থিতি বিবেচনায় ম্যাজিস্ট্রেট গোডাউনটি সিলগালা করে মোটরসাইকেলগুলো জব্দ অবস্থায় সেখানেই রাখার নির্দেশ দেন।

প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো সরকারি হেফাজতে নেয়া হবে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Share.
Exit mobile version