বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ছাত্রশিবির যশোর শহর শাখা দিনব্যাপি নানা কর্মসূচির আয়োজন করে।
শুক্রবার সকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মণিহার চত্বরে গিয়ে শেষ হয়। এতে সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
র্যালিতে ছাত্রশিবিরের পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করা হয়। আদর্শভিত্তিক বিভিন্ন স্লোগানে পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
র্যালির আগে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এবং এম এম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের। তিনি বলেন, ছাত্রশিবিরের রয়েছে দীর্ঘ সংগ্রামী ইতিহাস। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও আদর্শিক শিক্ষায় গড়ে তুলতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ছাত্রশিবিরের সাবেক যশোর শহর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য অধ্যাপক শামসুজ্জামান। তিনি সংগঠনের অতীত ঐতিহ্য, বর্তমান কার্যক্রম তুলে ধরে শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ছাত্রশিবির যশোর শহর শাখার সভাপতি আহমেদ ইব্রাহিম শামিম। তিনি বলেন, ছাত্রশিবির শিক্ষার্থীদের অধিকার, নৈতিকতা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এ সময় শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
