বাংলার ভোর প্রতিবেদক

যশোরে সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে বিশাল কালেমা পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের ঐতিহ্যবাহী মণিহার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে যশোরের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, বিভিন্ন মাদরাসার শিক্ষক, ছাত্রনেতা এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের হাতে তাওহীদের বাণী খচিত বড় বড় কালেমার পতাকা শোভা পায়। এ সময় ধর্মীয় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

মিছিলে উপস্থিত ছিলেন দারুল আরকাম মাদরাসার মুহতামিম মুফতী ওবায়দুল্লাহ শাকির, দড়াটানা মাদরাসার মুহাদ্দিস মাওলানা আমানুল্লাহ কাসেমী, দারুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি আব্দুল হান্নান এবং আল হামিদ তাহফীজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার মুহতামিম মাওলানা দেলোয়ার হোসাইন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ আজিজুর রহমান, কওমি ছাত্র ঐক্য পরিষদ যশোরের সভাপতি মাওলানা রায়হান হোসাইন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস যশোরের সভাপতি মোহাম্মদ মিরাজুল ইসলামসহ বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, ইসলামের মৌলিক আকিদা তাওহীদের বার্তা প্রচার এবং মুসলিম উম্মাহর ঐক্যের আহ্বান জানাতেই এ মিছিলের আয়োজন করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে মিছিলটি সম্পন্ন হয়।

Share.
Exit mobile version