বাংলার ভোর প্রতিবেদক
যশোর কোতয়ালী থানাধীন বাহাদুরপুর (মেহগনি তলা) এলাকায় পার্কিংয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ২০২৫) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে যশোর-মাগুরা মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

বাসটির মালিক মোঃ আবু বক্কর সিদ্দিক @ বেলাল (প্রফেসর, খবির-উর-রহমান কলেজ, জহুরপুর, বাঘারপাড়া, যশোর)। তার বাড়ি বাহাদুরপুর (মেহগনি তলা), কোতয়ালী থানা এলাকায়। জানা যায়, মালিকের বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে পার্কিংয়ে রাখা ঢাকা মেট্রো-ব-১৪-০০৯৮ নম্বরের বাসটিতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়।

আগুনের লেলিহান শিখায় পাশেই থাকা মালিকের অপর একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৪৩১০) আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে বাসটির ১৪টি গ্লাস ভেঙে যায় ও নষ্ট হয়। ঘটনাস্থলের নিকটে থাকা আরেকটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬০৩১)-এর ড্রাইভার মোঃ মকবুল হোসেন (৫২), পিতা-মৃত বাসারত মোল্লা, সাং-মধুগ্রাম, কোতয়ালী, যশোর আগুন দেখতে পেয়ে দ্রুত মালিককে খবর দেন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাস মালিক জানান।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Share.
Exit mobile version