বাংলার ভোর প্রতিবেদক
জেলা ইমাম পরিষদ যশোর ও যশোর জেলা ফতোয়া বোর্ডের যৌথ পরামর্শ সভায় চলতি বছরের জন্য ফিতরা, ফিদয়াহ ও যাকাতের নিসাব নির্ধারণ করা হয়েছে।

বুধবার বায়তুচ্ছালাম জামে মসজিদে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পরিষদের উপদেষ্টা ও ফতোয়া বোর্ডের সভাপতি মুফতি মুজিবুর রহমান।

সভায় যশোরের স্থানীয় বাজারমূল্য যাচাই-বাছাই করে ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আটা হিসাবে জনপ্রতি ফিতরা ১০০ টাকা, যব ৪৬০ টাকা, খুরমা ১ হাজার ৯৮০ টাকা, কিশমিশ ২ হাজার ৬৪০ টাকা এবং পনির ২ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ফিদয়াহর সর্বনিম্ন পরিমাণ প্রতি রোজার জন্য ১০০ টাকা ধার্য করা হয়েছে। তবে এই ফিদয়াহ কেবলমাত্র এমন অসুস্থ বা বার্ধক্যজনিত কারণে স্থায়ীভাবে রোজা রাখতে অক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য। যাদের ভবিষ্যতেও রোজা রাখার সক্ষমতা অর্জনের সম্ভাবনা নেই।

সভায় যাকাতের নিসাব নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার টাকা। এ পরিমাণ অর্থ বা সমমূল্যের যাকাতযোগ্য সম্পদের মালিক কেউ পূর্ণ এক বছর অতিবাহিত করলে তার ওপর যাকাত আদায় ফরজ হবে বলে জানানো হয়।

পরামর্শ সভায় জেলা ইমাম পরিষদের সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেনসহ ফতোয়া বোর্ড ও ইমাম পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version