বাংলার ভোর প্রতিবেদক :
যশোর শহরের উপশহর এলাকায় পারিবারিক কলহের জেরে এক নারীর ছুরিকাঘাতে তারই বোন আহত হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহত বৃষ্টি (৩০) যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকার নুরু শেখের মেয়ে। তিনি বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে পারিবারিকভাবে টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে বৃষ্টির সঙ্গে তার বড় বোন স্বপ্নার (৩২) কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে উত্তেজিত হয়ে স্বপ্না ধারালো ছুরি দিয়ে বৃষ্টির ডান কাঁধে আঘাত করেন। এতে তিনি আহত হন।
পরে স্বপ্নাই আহত বৃষ্টিকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
সেখানে চিকিৎসকরা তাকে ভর্তি করে চিকিৎসা দিচ্ছেন।
