বাংলার ভোর প্রতিবেদক
ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধ এবং আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার যশোরের দক্ষিণ-পশ্চিম রিজিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর রিজিয়নের আওতাধীন প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় ২টি সেক্টরের অধীনে ৭টি ইউনিট ও ১১৬টি বিওপির মাধ্যমে প্রতিদিন ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় এসব কার্যক্রম অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক সময়ে তেল পাচার ও অবৈধ মজুদ প্রতিরোধে বিজিবি ব্যাপক অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসেবে বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দরে গত ২৪ ঘণ্টায় ১৩টি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি ২২টি তেল পাম্পে নজরদারি জোরদার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় সম্ভাব্য পাচার রুট চিহ্নিত করে এখন পর্যন্ত ২ হাজার ৬৬০টি টহল এবং ৯৮৫টি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। এছাড়া স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে ১ হাজার ২৩টি সচেতনতামূলক সভা আয়োজন করা হয়েছে।
বিজিবি স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও শুল্ক বিভাগের সঙ্গে সমন্বয়ে ৪৩টি টাস্কফোর্স অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদকৃত তেল জব্দ করেছে। এসব অভিযানে ৩ জনকে কারাদণ্ড এবং কয়েকজন ব্যবসায়ীকে মোট ৬২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে সীমান্ত দিয়ে গরু পাচার রোধে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানানো হয়। অতিরিক্ত টহল, চেকপোস্ট স্থাপন এবং সন্দেহভাজন চলাচলের ওপর নজরদারি জোরদার করা হয়েছে।
চলতি ২০২৬ সালে নিয়মিত অভিযানে যশোর রিজিয়ন ১০২ জন আসামিসহ প্রায় ৬২ কোটি ৭৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক করেছে। এর মধ্যে রয়েছে ২.৬ কেজির বেশি স্বর্ণ, হিরক, রৌপ্য, অস্ত্র ও গুলি।
এছাড়া মাদকবিরোধী অভিযানে ২০২৬ সালে ২৪৩১ বোতল মদ, ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ, ১২২ কেজি গাঁজা, ২৬ হাজার ৭৭১ পিস ইয়াবা এবং ৪৬২০ বোতলের বেশি ফেন্সিডিলসহ প্রায় ২২ কোটি ৪৯ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা ও আস্থা নিশ্চিত করতে সংস্থার প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করছে। চোরাচালান প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
