বাংলার ভোর প্রতিবেদক
যশোরে পেটে ইয়াবা ট্যাবলেট বহনের অভিযোগে মোহাম্মদ মাসুদ রানা (১৮) নামে এক যুবক গ্রেফতার হয়েছে। বুধবার সকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) শহরের মণিহার সংলগ্ন নড়াইল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাসুদ রানা শার্শা উপজেলার গোড়পাড়া কলোনিপাড়া গ্রামের বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এক্স-রে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় তার পেটের ভেতরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট রয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে কক্সবাজার থেকে আনুমানিক ২ হাজার থেকে ২২শ’ পিস ইয়াবা ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে তিনি তা পেটে করে বহন করছিলেন।

পরবর্তীতে টয়লেটের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট বের করার প্রক্রিয়ার জন্য র‌্যাবের পাহারায় তাকে যশোর সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের দ্বিতীয় তলার মডেল ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

Share.
Exit mobile version