বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে এক মাদ্রাসা শিক্ষককে মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১টার দিকে দত্তপাড়া নূরানী মাদ্রাসার ভেতরে গ্রামবাসী তাকে মারপিট করেন।

আহত শিক্ষককে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তি দেয়াড়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের আনিচুর রহমান (৩২)। তিনি স্থানীয় দত্তপাড়া নূরানী মাদ্রাসার শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে মাদ্রাসার দুই ছাত্রী মারামারিতে জড়িয়ে পড়লে শিক্ষক আনিচুর রহমান তাদের শাসনের অংশ হিসেবে চড় মারেন।

ওই ঘটনাকে কেন্দ্র করে পরে তার বিরুদ্ধে দুই শিশুকে শ্লীলতাহানির অভিযোগ ছড়িয়ে পড়ে। অভিযোগের জেরে শুক্রবার দুপুর ১টার দিকে দত্তপাড়া নূরানী মাদ্রাসার ভেতরে কিছু গ্রামবাসী আনিচুর রহমানকে মারধর করেন। এতে তিনি আহত হন।

খবর পেয়ে যশোর কোতোয়ালী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানান, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

Share.
Exit mobile version