বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়।
প্রেসক্লাব যশোরের সামনে আয়োজিত মানববন্ধনে “আমরা চাই জীবনের নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা ও অধিকার প্রতিষ্ঠা করা” স্লোগান তুলে শ্রমিকদের বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ট্রেড ইউনিয়নের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, সংগঠনের সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু এবং যুগ্ম সম্পাদক আইয়ুব হোসেনসহ যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যরা।
মানববন্ধনে আশুতোষ বিশ্বাস বলেন, হোটেল শ্রমিকদের জাতীয় নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। সরকার ঘোষিত নিম্নতম মজুরি গেজেট বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান এবং ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জেলার বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে কর্মরত শ্রমিকরা কঠোর পরিশ্রম করেও ন্যায্য মজুরি, চাকরির স্থায়িত্ব ও মৌলিক নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছেন। সংগঠনের পক্ষ থেকে শ্রমিক অধিকার সংরক্ষণ, সাপ্তাহিক ও বার্ষিক ছুটির নিশ্চয়তা, চিকিৎসা সুবিধা এবং কর্মপরিবেশ উন্নয়নের দাবি জানানো হয়।
মানবন্ধনে বক্তারা আরও বলেন, শ্রমিক ছাড়া উৎপাদন সম্ভব নয়। তাই শ্রমিকের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
