বাংলার ভোর প্রতিবেদক

সরকারের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে।

শনিবার দুপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে শহরের নবকিশালয় স্কুল প্রাঙ্গণে জলপাই ও সোনালু  গাছের চারা লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয়  সরকার বিভাগের উপপরিচালক রফিকুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন, বিভাগীয় বন অধিদপ্তরের কর্মকর্তা অনিতা মন্ডল, বিভাগীয় বন সংরক্ষণ কর্মকর্তা হারুন অর রশিদ খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোশারফ হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিদ্যালয়ের অধ্যক্ষ লায়লা শিরিন সুলতানা, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রফিকুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপনের কোন বিকল্প নেই।

এ কারণে সরকারি এ কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা আরও জোরদার হবে।

অনুষ্ঠান শেষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগে ২৫ জন কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এছাড়া বিদ্যালয়ে ৩০ জন শিক্ষার্থীর হাতেও গাছের চারা তুলে দেয়া হয়।

Share.
Exit mobile version