বাংলার ভোর প্রতিবেদক :
বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা, ভারত কর্তৃক পুশ-ইন কার্যক্রম এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী অপতৎপরতার প্রতিবাদে যশোরের বেনাপোলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বেনাপোলের রহমান চত্বরে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে বাঘারপাড়া অভয়নগর-৪ আসনের সংসদ সদস্য এবং যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম রসুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা আজীজুর রহমান।
তিনি বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা এবং জোরপূর্বক পুশ-ইনের ঘটনা দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং প্রতিবেশীসুলভ সম্পর্কের পরিপন্থী। অবিলম্বে সীমান্ত হত্যা এবং পুশ-ইন কার্যক্রম দ্রুত বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন ও ষড়যন্ত্র দেশের জনগণ কখনো মেনে নেবে না। দেশের নিরাপত্তা, মানবাধিকার ও জাতীয় মর্যাদা রক্ষায় সরকারকে আরও কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং জাতীয় স্বার্থ রক্ষায় সকল রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এ সমাবেশে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, যশোর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাবিবুর রহমান, শার্শা নায়েবে আমির তৈবুর রহমান জাহাঙ্গীর, শার্শা উপজেলা সেক্রেটার জাহাঙ্গীর হোসেন, বেনাপোল পৌরসভার আমির রেজাউল করিম এবং সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী।
এনসিপি শার্শা উপজেলার সংগঠক মুরাদ উদ দৌলা, জেলা এলডিপি সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রিপন, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, জেলা সেক্রেটারি আবু জাফর, যশোর জেলা প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক সম্পাদক মুফতি রাশেদুল ইসলাম প্রমুখ।
