বাংলার ভোর প্রতিবেদক :
যশোর জিলা স্কুলের ‘ফিউচার সায়েন্টিস্ট’ দল ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় গোল্ড মেডেল অর্জন করেছে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার এই প্রতিযোগিতায় জিলা স্কুলের দল গোল্ড মেডেল অর্জন করে।

দলটির সদস্য এস এম জাওয়াদ হোসেন ও রাইয়ান সাদিক দীর্ঘদিন ধরে বিজ্ঞান, প্রযুক্তি, রোবোটিক্স এবং উদ্ভাবনভিত্তিক বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করে আসছেন। তাদের গবেষণামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা এবং প্রযুক্তিগত দক্ষতার স্বীকৃতি হিসেবেই আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ এসেছে। দলনেতা জাওয়াদ হাসান দিবা শিফটের ও রায়হান সাদিক প্রভাতি শিফটের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষাক জয়নুল আবেদীন জানান, যশোর জিলা স্কুলের ‘ফিউচার সায়েন্টিস্ট’ দল ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় গোল্ড মেডেল অর্জন করেছে। জাকার্তার Universitas Negeri Jakarta(UNJ)  বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপি প্রতিযোগিতায় ৫৫টি দেশের ২০০ প্রতিযোগি অংশগ্রহণ করেন। এদের মধ্যে থেকে আন্তর্জাতিক পর্যায়ে এই অর্জন নিঃসন্দেহে অনেক গর্বের।

এস এম জাওয়াদ হোসেন ও রাইয়ান সাদিক জানান, ‘ফিউচার সায়েন্টিস্ট’ দলের উদ্ভাবনী প্রকল্পগুলো বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে প্রযুক্তির কার্যকর প্রয়োগকে গুরুত্ব দেয়। আন্তর্জাতিক মঞ্চে নিজেদের উদ্ভাবন উপস্থাপনের মাধ্যমে তারা বাংলাদেশের তরুণ প্রজন্মের সৃজনশীলতা, দক্ষতা ও সম্ভাবনাকে বিশ্ব দরবারে তুলে ধরতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

তারা আরও জানান, এটি কেবল একটি পদক অর্জনের গল্প নয়; এটি বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের স্বপ্নকে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি পদক্ষেপ। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্বিত। এই অর্জন আমাদের দীর্ঘ পরিশ্রম, গবেষণা, উদ্ভাবনী চিন্তা এবং সকলের দোয়া ও সমর্থনের ফল। এই সাফল্যের জন্য আমরা আমাদের শিক্ষক, অভিভাবক এবং সকল শুভাকাক্সক্ষীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Share.
Exit mobile version