বাংলার ভোর প্রতিবেদক
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াতের পিতা সিদ্দিক হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রজিউন)। রোববার ভোরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি দুই পুত্র, এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। যশোরের পুরাতন কসবার বাসিন্দা সিদ্দিক হোসেন বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা হিসেবে অবসরে যান।
ঢাকা রোড পুরাতন কসবা এলাকার বায়তুস সালাম জামে মসজিদ প্রাঙ্গনে রোববার বেলা ১১টা ১০ মিনিটে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নড়াইল জেলার মাইজপাড়া ইউনিয়নের চরিখাদা গ্রামে দাফনের উদ্দেশ্যে নেয়া হয়।
জানাজায় যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবু হাসনাত মো. আহসান হাবীব, যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান কবির বাপ্পী, সার্জারি বিভাগের অধ্যাপক ডা. শরিফুল আলম খান, ডা. ওহিদুজ্জামান আজাদ, ডা. মাশহুরুল হক জুয়েল, হৃদরোগ বিভাগের ডা. ফজলুল হক খালিদ, মোশফেক উর রহমান, শিশু বিভাগের ডা. আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, ডা. শরিফুজ্জামান রঞ্জু, নাক কান গলা বিভাগের ডা. তমিজ উদ্দিন শেখ, এসএম নাজমুল হক, চতুর্থ শ্রেনী কর্মচারি ইউনিয়নের নেতা মোশারফ হোসেন মুছা, কামরুজ্জামানসহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মরহুমের সন্তান ডা. হুসাইন শাফায়াত বাংলার ভোরকে জানান, তার পিতা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। দীর্ঘ দুই মাস তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন।
এদিকে ডা. হুসাইন শাফায়াতের পিতার মৃত্যুতে এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা।
