বাংলার ভোর প্রতিবেদক
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের হিজলী বিওপি ও বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ৫০ বোতল স্কাপ সিরাপ, ৫০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ, ১১টি শাড়ি, ১ কেজি জিরা, ১১ প্যাকেট পাতার বিড়ি, ৩ প্যাকেট সন পাপড়ি, ১ হাজার ৯৪২টি চকলেট এবং ১৭৩টি কসমেটিকস সামগ্রি উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ১৬ হাজার ১০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
