রামপাল সংবাদদাতা
রামপালে র্যাব–৬ অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক কারবারিকে আটক করেছে।
সোমবার সন্ধ্যায় রামপালের ফয়লা বাজার মোড়ে একটি মাহিন্দ্রা গাড়িতে অভিযান চালিয়ে এ গাঁজার চালান আটক করা হয়। আটক কারবারি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা ইব্রাহিম তালুকদার (২৩)।
মঙ্গলবার বেলা ১১ টায় রামপাল থানা পুলিশ আটক ইব্রাহিমকে বাগেরহাট আদালতে পাঠিয়েছেন। রামপাল থানা পুলিশ জানায়, খুলনা র্যাব–৬ এর অপারেশন সদস্যরা ফেনী থেকে বাগেরহাটের রামপালের উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজার একটি চালান আসছে বলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
সোমবার সন্ধ্যায় ফয়লা চৌরাস্তার মোড়ে একটি মাহিন্দ্রা গাড়িতে অভিযান চালিয়ে আনুমানিক ১৫ কেজি গাঁজাসহ ইব্রাহিম তালুকদারকে আটক করেন।
আটক মাদক কারবারি ইব্রাহিম ও উদ্ধারকৃত গাঁজা পরবর্তীতে রামপাল থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। রামপাল থানার ওসি শেখ রাজিব আল রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
