বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের শার্শা উপজেলা থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শার্শা থানাধীন সাড়াতলা বাজার সংলগ্ন একটি ব্রিজের ওপর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শার্শা থানার শিকারপুর গ্রামের শফিকুল ইসলাম ওরফে শফি (৪০) এবং একই থানার সালতা গ্রামের জুয়েল হোসেন (২৫)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল শার্শা থানাধীন সাড়াতলা বাজার থেকে ফুলসরগামী রাস্তার ব্রিজের ওপর অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে শফিকুল ও জুয়েলকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তাদের প্রত্যেকের কাছ থেকে ৪০ পিস করে মোট ৮০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

যশোর জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Share.
Exit mobile version