বাংলার ভোর প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান মিয়ার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ এবং পরবর্তীতে গুমের নাটক সাজানোর ঘটনার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ শাখা ছাত্রদল।

রোববার সকালে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় বিক্ষোভকারীরা ‘মুনাফিকি ভণ্ডামি, শিবিরের মূলনীতি’, ‘ধর্ষণ করে গুমের নাটক, চলবে না চলবে না’ এবং ‘গুমের নাটক করে যারা, দেশবিরোধী শত্রু তারা’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান, এমএম কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “শিবিরের প্রকৃত চরিত্র জনগণের সামনে উন্মোচিত হয়েছে।

সরকারকে বিতর্কিত করতে প্রথমে গুমের নাটক সাজানো হয়েছিল। ওই ঘটনায় জামায়াতের শীর্ষ নেতৃত্বও সম্পৃক্ত ছিল বলে অভিযোগ রয়েছে। তবে শেষ পর্যন্ত জনগণের কাছে তাদের প্রকৃত চেহারা প্রকাশ পেয়েছে।”

বক্তারা জিসান মিয়া প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

একই সঙ্গে গুমের তথাকথিত নাটক প্রচার এবং এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারীদেরও আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।

Share.
Exit mobile version