শার্শা সংবাদদাতা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় বেনাপোল বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বন্দর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে দায়িত্ব পালন করবে বলেও তারা জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক শহিদ আলী, বেনাপোল পৌর শ্রমবিষয়ক সম্পাদক তবিবুর রহমান (তবি), ৯২৫ শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক কাসেম আলীসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
