সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত ২টার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. মহিউদ্দিন (৪২) এবং মো. শাহীন (২৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বছর খানেক আগে ওই দুই ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যান কাজের সন্ধানে। পরে কলকাতা থেকে ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থান করে রাজমিস্ত্রি শ্রমিক হিসেবে কাজ করছিলেন। বুধবার রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে তারা বসন্তপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে ফেরার চেষ্টা করেন।
একপর্যায়ে বসস্তপুর সীমান্তসংলগ্ন বাঁশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ভোর ৪টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত মহিউদ্দীন গাজীর ছোট ভাই ইসরাত গাজী জানান, চার মাস আগে মহিউদ্দিন ও এক বছর আগে শাহীন ভারতের তামিলনাড়ুতে গিয়ে রাজমিস্ত্রির কাজ করতেন। গত কয়েকদিন আগে তারা ফোনে জানান দালালের মাধ্যমে দ্রুত দেশে ফিরে আসবে। বুধবার ভোরে একটি মাইক্রোতে করে তাদের নলতা হাসপাতাল এলাকায় রেখে যান অজ্ঞাত ব্যক্তিরা। খবর পেয়ে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শাহীন গাজী জানান, দালালের মাধ্যমে ভারত থেকে তারা বাড়ি আসছিলেন। মঙ্গলবার রাতে তাদের সীমান্তের পাটবাগানে নামিয়ে দিয়েছিল। এরপর তারা গুলিবিদ্ধ হন। তারা আর কিছু জানেন না। তবে তারা ধারণা করছেন কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে থাকতে পারে।
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুজায়েত হোসেন জানান, আব্দুস সামাদ নামের এক ব্যক্তি শাহীন ও মহিউদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। বিষয়টি তাৎক্ষণিক কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল হোসেনকে জানানো হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মহিউদ্দিনের ডান হাতে ও শাহীনের পিঠে গুলি লেগেছে।
সাতক্ষীরা নীলডুমুর-১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রাজীব শাহারিয়ার ও সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান চৌধুরী বিএসএফের গুলিতে দুজনের জখম হওয়ার সত্যতা নিশ্চিত করলেও কোন সীমান্তে ঘটনা ঘটেছে তা তারা নিশ্চিত করতে পারেননি।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং একইভাবে বাংলাদেশে ফেরার সময় বিএসএফ তাদের গুলি করে। খবর পেয়ে পুলিশ কালিগঞ্জ হাসপাতালে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও কোন সীমান্তে গুলি হয়েছে তা নিশ্চিত করতে পারেনি আহতরা।
