খান নাজমুল হুসাইন,সাতক্ষীরা
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়নের অধীনস্থ তলুইগাছা, চান্দুরিয়া, কুশখালী, মাদরা, গাজীপুর ও কালিয়ানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, হিরোইন মিনি সাবান, নেহা মেহেদী, ইমিটেশন নেকলেস, চেইন, বালা এবং বিপুল পরিমাণ ঔষধ।
তলুইগাছা বিওপি চারাবাড়ি এলাকা থেকে ২ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। চান্দুরিয়া বিওপি কলারোয়ার গাড়ালবাড়ি মোড় এলাকা থেকে ৪০ হাজার ৩০০ টাকার বিভিন্ন প্রসাধনী ও কাপড় জব্দ করে। কুশখালী বিওপি ছয়ঘরিয়া এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার ঔষধ উদ্ধার করে।
এছাড়া মাদরা বিওপি ভাদিয়ালি এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকা, গাজীপুর বিওপি আনিসের ঘের এলাকা থেকে ৭০ হাজার টাকা এবং কালিয়ানী বিওপি খৈতলা এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।
বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল।
এ ধরনের চোরাচালানের ফলে দেশের স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় স্থানীয় জনগণ বিজিবির এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন অভিযান চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
