বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের চৌগাছায় স্ত্রীকে খুঁটির সাথে বেঁধে জুয়েল আহমেদ রানা (৪০) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ মোড়ে এ ঘটনা ঘটে। দুপুর সাড়ে ১২ টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারা যান জুয়েল। তিনি মুক্তদাহ গ্রামের ওয়াদুদ খন্দকারের (ওদুদ) ছেলে এবং স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজনৈতিক বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে মুক্তদাহ মোড়ে জুয়েল রানার সাথে প্রতিপক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইউপি মেম্বর নজরুল ইসলামের ছেলে বাবু ও সুমন ইউসুফ, একই গ্রামের কাশেমসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা জুয়েলকে এলোপাতাড়ি কুপিয়ে এবং পিটিয়ে দুই পায়ের হাঁটুর নিচ থেকে ভেঙে দেয়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা জুয়েলকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে যশোর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোবাশ্বের হোসেন পরীক্ষা-নিরীক্ষা শেষে জুয়েল রানাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মায়া বেগম অভিযোগ করে বলেন, সকালে তিনি তার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় তার স্বামী স্থানীয় মোড়ে চা খেতে যান। হামলাকারীরা তাকে (স্ত্রীকে) একটি খুঁটির সাথে বেঁধে রেখে তার স্বামীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, জড়িতদের আটকে অভিযান চলছে।

Share.
Exit mobile version