বাংলার ভোর প্রতিবেদক
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যশোরে দিনব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হবে।

কর্মসূচির অংশ হিসেবে ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর যশোরের মণিহার চত্বর-এ বিজয় স্তম্ভে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হবে।

সকাল ৮টায় শামস-উল-হুদা স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরপর সেখানে কুচকাওয়াজ, মার্চপাস্ট ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ১০টায় টাউন হল ময়দানের স্বাধীনতা মঞ্চে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা।
বিকেলে একই মাঠে অনুষ্ঠিত হবে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা। আর সন্ধ্যার পর আয়োজন করা হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া দিবসটি উপলক্ষে হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও বৃদ্ধাশ্রমে বিশেষ খাবার পরিবেশন করা হবে। একই সঙ্গে শিশুপার্ক ও জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে এবং জেলা তথ্য অফিসের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, স্বাধীনতার মহান চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।

Share.
Exit mobile version