নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শশাঙ্ক চন্দ্র ঘোষের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কালিয়া উপজেলাবাসীর আজ (শনিবার) বেলা ১১টার দিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন-বীরমুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীরমুক্তিযোদ্ধা খান লুৎফর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, কালিয়া পৌরসভার প্যানেল মেয়র আসলাম ভূঁইয়া, বাবর আলী, জেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সেক্রেটারি ইয়াসিন জনিসহ অনেকে।
বক্তারা বলেন, ডাক্তার শশাঙ্ক চন্দ্র ঘোষ কালিয়ায় যোগদানের পর নারী কেলেঙ্কারি, সরকারি টাকা আত্মসাত, রোগীদের সঙ্গে দুর্ব্যবহারসহ নীতি-নৈতিকতা বিরোধী কাজ করে যাচ্ছেন। এমনকি বীরমুুক্তিযোদ্ধাদের সঙ্গে দুর্ব্যবহারও করেন। সঙ্গত কারণে ডাক্তার শশাঙ্ককে কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ থেকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন শেষে ডাক্তারের কুশপুত্তলিকা দাহ করা হয়।
এ ব্যাপারে ডাক্তার শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, ২০২৩ সালের ১৩ আগস্ট কালিয়ায় যোগদানের পর থেকে হাসপাতালের উন্নয়নে কাজ করে যাচ্ছি। হাসপাতালে বিভিন্ন পরীক্ষাসমূহ চালু করাসহ সেবার মান বৃদ্ধিতে একটি মহল আমার ওপর ক্ষুব্ধ হয়েছেন।
এদিকে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ ব্যবসায়ী সমিতি এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে চাঁদা দাবি, রোগী কল্যাণ সমিতির ওষুধের বদলে টাকা গ্রহণ সংক্রান্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন ডাক্তার শশাঙ্ক।
তবে, ডাক্তার শশাঙ্ক চন্দ্র ঘোষের আগের কর্মস্থল মাদারীপুরের শিবচর উপজেলায় থাকাকালীন নানা অনিয়মের ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
শিরোনাম:
- সাতক্ষীরায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা
- সিজারের ২৮ দিন পর প্রসূতির মৃত্যু চিকিৎসায় অবহেলার অভিযোগ
- ভৈরব নদ দখলে সংকুচিত নাব্যতা ঝুঁকিতে নওয়াপাড়ার বাণিজ্য
- ‘সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে তৌহিদুর রহমানের অবদান স্মরণীয়’
- মহাসড়ক দখলের মহোৎসব!
- চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
- ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
- মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন