বাংলার ভোর প্রতিবেদক
যশোরের অভয়নগরে ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মনির হোসেন (৩৯) নামে এক যুবককে চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। সোমবার চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানাধীন হাজিপাড়া এলাকায় বাবুল সাহেবের মাঠসংলগ্ন স্বপ্ননীড় নামে একটি বাসা থেকে তাকে আটক করা হয়। এদিন রাত সাড়ে ১০টার দিকে তাকে অভয়নগর থানা হেফাজতে নেয়া হয়।

আটক মনির হোসেন অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চায়না বাজার এলাকার বাসিন্দা। নওয়াপাড়া পীরবাড়ীতে খাদেম হিসেবে কাজ করতেন তিনি।

মঙ্গলবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম নুরুজ্জামান বলেন, ‘নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকাণ্ডে মনির হোসেন নামে সন্দেহভাজন এক যুবককে চট্টগ্রামের ডাবলমুরিং থানা থেকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। মঙ্গলবার দুপুরে তাকে যশোরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’

এর আগে গত বুধবার (৬ মে) সন্ধ্যায় অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে পীরবাড়ী মসজিদের সামনে আনিছুর রহমান তার নির্মাণাধীন ৬তলা ভবনের (আনিছ ট্রেড ভ্যালি) ম্যানেজার রেজাউল ইসলামের সঙ্গে কথা বলছিলেন। এ সময় পীরবাড়ির শাহ মো. জোনায়েদের ছেলে শাহ মো. মাহমুদ তার সহযোগী নাসিরসহ অজ্ঞাতনামা ২/৩ জন অস্ত্রধারী পূর্ব পরিকল্পিতভাবে ভবনের ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে শাহ মো. মাহমুদ তার কাছে থাকা চাইনিজ কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে আনিছুর রহমানের মুখের বাম পাশে কোপ দিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার (৭ মে) রাত আনুমানিক পৌনে ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঘটনার পর নিহতের স্ত্রী নাহিদা ইমাম বাদী হয়ে শাহ মো. মাহমুদ ও তার সহযোগী নাসিরসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। নিহত আনিছুর রহমান নওয়াপাড়া সার সিমেন্ট খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও আমদানীকারক প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের পরিচালক ছিলেন।

এদিকে, এই হত্যার প্রতিবাদে নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং ১৩ মে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়া হয়েছে। মঙ্গলবার আসরের নামাজের পর নওয়াপাড়া শহরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে শত শত ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ৬ মে বুধবার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পরিকল্পিতভাবে চিহ্নিত সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে। এমন নৃশংস হত্যাকাণ্ডের পরও এখন পর্যন্ত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করতে না পারায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। সমাবেশ থেকে আজ (১৩ মে) বুধবার নওয়াপাড়া শহরে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়া হয়। ব্যবসায়ী নেতারা জানান, শান্তিপূর্ণভাবে হরতাল পালন করা হবে এবং এতে ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল গনি সর্দার, সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নইম মোড়ল, সাধারণ সম্পাদক মোল্লা রেজাউল ইসলাম, নওয়াপাড়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ বিভিন্ন সংগঠন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

Share.
Exit mobile version