বাংলার ভোর প্রতিবেদক
যশোরের অভয়নগরে নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান হত্যাকাণ্ডের আট দিন অতিবাহিত হলেও মূল আসামি গ্রেফতার না হওয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামী অভয়নগর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি নওয়াপাড়া পীরবাড়ি মসজিদ সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নওয়াপাড়া রেলস্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সরদার শরিফ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুল।
এ সময় আরও বক্তব্য দেন নওয়াপাড়া পৌর জামায়াতের আমীর আলতাফ হোসেন, শিবিরের সাবেক যশোর জেলা পূর্ব শাখার সভাপতি মোল্লা মো. আশিকুজ্জামান, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গোলাম মোস্তফা এবং সাবেক থানা আমীর মশিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একজন নিরীহ ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ সময় পার হলেও মূল আসামিকে গ্রেফতার করতে না পারা অত্যন্ত উদ্বেগজনক। তারা অবিলম্বে হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
