অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের মহাসড়কে উপহার ফিলিং স্টেশন থেকে সাউথ বেঙ্গল ফার্টিলাইজার পর্যন্ত ঘনবসতি আবাসিক এলাকার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকা ও সংকীর্ণ সড়কে ভারি যানবাহন চলার জন্য এই অবস্থার সৃষ্টি হয়েছে। এজন্য সংস্কার কাজ বন্ধ, নিম্নমান এবং দীর্ঘদিন ধরে সড়ক ভাঙা থাকায় চরম ভোগান্তিতে পড়ে প্রতিবাদে বুধবার সকালে বিভিন্ন স্থানে বাঁশ ও কাঠের গুড়ি দিয়ে সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন এলাকাবাসী।
জানা গেছে, মহাসড়ক থেকে ভৈরব নদে যাতায়াত সহজ হওয়াতে এই আবাসিক এলাকায় গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ঘাট, গোডাউন, একাধিক কয়লা ও সারের ড্যাম্প। ব্যবসায়িক কারণে প্রতিদিন এই সড়কে যাতায়াত করে অনেক লোড আনলোড ট্রাক সহ বিভিন্ন হালকা ও ভারি যানবাহন।
স্থানীয়রা বলেন, ব্যবসায়ীরা এই রাস্তা ব্যবহার করে কোটি, কোটি টাকা উপার্জন করেন। কিন্তু পৌর কর্তৃপক্ষ কিংবা ব্যবসায়ীরা এই সড়ক মেরামতে অনাগ্রহী। ফলে সড়কটি পুরো খানাখন্দে পরিণত হয়ে চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে।
সড়কে নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। একটু বৃষ্টি হলেই রাস্তায় জমে হাটু পানি। শিক্ষার্থীদের এই সড়কের নোংরা কাঁদা ও পানি মাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়। বৃষ্টি হলেই পানি বন্দি হয়ে পড়ে সড়কের আশপাশের বাসিন্দারা। আর অনাবৃষ্টিতে ধুলার রাজ্যে পরিণত হয় রাস্তাটি। জমাজমি থেকে ফসলাদি বাড়িতে আনা যায় না, এমনকি অসুস্থ রোগীদেরকে হাসপাতালে নিতে কোন ভ্যান, ইজিবাইক আসতে চায়না। তাই দীর্ঘদিন যাবৎ কোথাও কোন প্রতিকার ব্যবস্থা না পেয়েই আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম বলেন, রাস্তা অবরোধের বিষয়টি আমি অবগত নয়। তবে রাস্তিটির অবস্থা খুবই খারাপ জানি। পৌরসভার পক্ষ থেকে বেশ কয়েকটি রাস্তা ইতোমধ্যে কোভিট -১৯ প্রকল্পের আওতায় নেয়া হয়েছে তার মধ্যে এই রাস্তাটিও আছে। অবরোধের বিষয়টি পৌর প্রশাসক মহোদয়কে জানাবো। তিনি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।
