বাংলার ভোর প্রতিবেদক :
যশোর-মাগুরা মহাসড়কের নিউমার্কেট এলাকার রাস্তার পাশে অসহায় অবস্থায় পড়ে থাকা নাম পরিচহীন এক বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক বৃদ্ধা এই মহিলাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক বলেন, প্রায় ৮ থেকে ১০ দিন আগে নাম পরিচয়হীন ওই বৃদ্ধাকে একটি বাস থেকে নামিয়ে রাস্তার পাশে রেখে যাওয়া হয়। এরপর থেকে তিনি ট্রাক স্ট্যান্ড সংলগ্ন রজনীগন্ধা ১০ তলা ভবনের সামনে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছিলেন। স্থানীয় বাসিন্দারা তাকে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দেন।

পরে বিষয়েটি যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নজরে আসলে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়া নির্দেশ দেন।

তার নির্দেশেই বৃহস্পতিবার যশোর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তার সহযোগিতায় বৃদ্ধাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং যশোর জেনারেল হাসপাতালের সমাজসেবা কর্মকর্তার তত্ত্বাবধানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

তবে অসুস্থতার কারণে তিনি নিজের পরিচয় বা ঠিকানা সম্পর্কে কোনো তথ্য দিতে পারছেন না।

তিনি আরও জানান, বৃদ্ধার পরিচয় শনাক্ত ও পুনর্বাসনের লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তার শারীরিক অবস্থার উন্নতি হলে প্রয়োজনীয় পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা হবে।

Share.
Exit mobile version